পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আল-আকসা মসজিদের দুয়ার বন্ধ করে রেখেছে ইসরায়েল। ধর্মীয় স্বাধীনতায় এই নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বের শীর্ষ আটটি মুসলিম দেশ।
যৌথ বিবৃতিতে নিন্দা জানানো দেশগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত।
গত বুধবার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, জেরুজালেমের পুরোনো শহর এবং এর উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানবিক আইন এবং ঐতিহাসিক স্থিতাবস্থার সুস্পষ্ট লঙ্ঘন। এটি উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের যে আন্তর্জাতিক নীতি রয়েছে, তারও পরিপন্থী।
বিবৃতিতে আট দেশের প্রতিনিধিরা ইসরায়েলকে এই বিতর্কিত নীতি থেকে সরে আসার আহ্বান জানান। একইসঙ্গে জেরুজালেমের পুরোনো শহরে যাতায়াতে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে মুসল্লিদের জন্য মসজিদের পথ খুলে দেওয়ার দাবি জানানো হয়।
ইসরায়েলি বাহিনী বর্তমানে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার অজুহাতে এই নিরাপত্তা কড়াকড়ি আরোপ করেছে। তবে মুসলিম বিশ্বের নেতারা এই অজুহাত প্রত্যাখ্যান করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাঁরা বলেন, ইসরায়েলকে এই আইন লঙ্ঘনের পথ থেকে বিরত রাখতে এবং আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করতে যেন দ্রুত চাপ প্রয়োগ করা হয়।