ইরানের জ্বালানি বাণিজ্য ছারখার করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ শনিবার (১৪ মার্চ) মধ্যরাতের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ হুমকি দিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
পোস্টে ট্রাম্প জানান, ইরান যদি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখে, তাহলে প্রতিউত্তরে এমন পদক্ষেপ নেয় হবে।
ট্রুথ সোশ্যাল পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বোমা হামলার একটি পরিচালনা করেছে এবং ইরানের মুকুট রত্ন, খার্গ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।”
খার্গ দ্বীপের সামারিক স্থাপনাগুলোতেই কেবল হামলা করা হয়েছে এবং সেখানে ইরানের জ্বালানি বাণিজ্যের স্থাপনাগুলো এখনও অক্ষত আছে উল্লেখ করে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “আমি দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে ইরান, কিংবা অন্য কেউ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলের ক্ষেত্রে হস্তক্ষেপ করার জন্য কিছু করলে, আমি অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।”
পারস্য উপসাগরের ইরানের উপকূল থেকে ২৬ কিলোমিটার এবং হরমুজ প্রণালি থেকে ৪৮৩ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত ৫ বর্গমাইল আয়তনের খার্গ দ্বীপ ইরানের জ্বালানি বাণিজ্যের ‘প্রাণ’ হিসেবে পরিচিত।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান।
হরমুজ প্রণালিতে ইরানি অবরোধের কারণে যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল রপ্তানি বন্ধ আছে, তবে খার্গ দ্বীপের মাধ্যমে ইরান তার জ্বালানি তেলের চালান বহির্বিশ্বে পাঠানো অব্যাহত রেখেছে।