image

বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬ অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি রপ্তানি খাতের অগ্রযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও উদযাপনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ‘বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬’। বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় গত ২৭ জানুয়ারি ঢাকার একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের আইটি ও আইটিইএস সেবা খাতের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান, নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিভিন্ন দেশের কুটনৈতিকবৃন্দ, শিল্প নেতৃবৃন্দ ও বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজনটির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের আইটি রপ্তানি খাতের দীর্ঘ ২৮ বছরের পথ চলা, অর্জন, বৈশ্বিক বিস্তার এবং ভবিষ্যতের কৌশলগত পরিকল্পনা তুলে ধরা।

আয়োজনে বাংলাদেশের আইসিটি রপ্তানি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ২০২৪-২৫ অর্থ বছরে শীর্ষ ১০টি আইটি ও আইটিইএস রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- বিজেআইটি লিমিটেড, ব্রেইনস্টেশন২৩ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস, সেফালো বাংলাদেশ লিমিটেড, স্যামসাং আরঅ্যান্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড, এনোসিস সলিউশনস, থেরাপ (বিডি) লিমিটেড, রেডিয়েন্ট ডাটা সিস্টেমস লিমিটেড এবং ডাটা পাথ লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলো বর্তমানে বিশ্বের ১০৪টিরও বেশি দেশে সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি করছে।

অনুষ্ঠানে অর্থনৈতিক বৈচিত্র্যকরণে তথ্যপ্রযুক্তি রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশগ্রহণ করেন সেলিস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুলিয়ান আন্দ্রিন ওয়েবার, ব্রেইনস্টেশন ২৩ পিএলসি এর চিফ এক্সিকিউটিভ অফিসার রাইসুল কবির, সেফালো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস মাহমুদ শাওন, জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মোরিকাওয়া ইউকো। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য মুশফিকুর রহমান ও রাশেদ কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, সরকার তথ্যপ্রযুক্তি খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে অগ্রাধিকার দিয়ে নানামুখী নীতিগত সহায়তা প্রদান করছে। ক্যাশ ইনসেনটিভ, কর অবকাশ, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক বাজারে প্রবেশ সহজীকরণের মাধ্যমে আইটি রপ্তানি খাতের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। তিনি বলেন, বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬ এর মতো উদ্যোগ দেশের শীর্ষ আইটি রপ্তানিকারকদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি উদীয়মান প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করবে।

বেসিস প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিস সহায়ক কমিটির সদস্য মোস্তফা রফিকুল ইসলাম ডিউক, বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬ এর আহ্বায়ক রওশন কামাল জেমস, বিজনেস প্রমোশন কাউন্সিলের পরিচালক (রপ্তানি উইং) ড. মো. রাজ্জাকুল ইসলাম, বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার (বাংলাদেশ ও ভুটান) গেইল মার্টিন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি