ব্যাপক বিতর্কের পর পণ্য ও সেবায় ফেসিয়াল রিকগনিশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি থেকে সরে এসেছিল মেটা। তবে আবারও এ প্রযুক্তিতে ফেরার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে, প্রতিষ্ঠানটি চলতি বছরের কোনো এক সময় নিজেদের ব্র্যান্ডের স্মার্ট চশমায় ফেসিয়াল রিকগনিশন ফিচার যুক্ত করতে ইচ্ছুক।
অভ্যন্তরীণভাবে ফিচারটির কোডনাম দেয়া হয়েছে ‘নেম ট্যাগ’। প্রত্যাশা অনুযায়ী এ ফিচারের মাধ্যমে ওকলি বা রে-ব্যান স্মার্ট চশমা ব্যবহারকারীরা সামনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে পারবেন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের সম্পর্কে তথ্য জানতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রযুক্তি ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিকতার ক্ষেত্রে বিশাল ঝুঁকি তৈরি করে। এ কারণেই মেটা গত বছর দৃষ্টিহীনদের জন্য আয়োজিত একটি সম্মেলনে ‘নেম ট্যাগ’ উন্মোচন করতে দ্বিধাবোধ করেছিল বলে জানা গেছে। এ ছাড়া ২০২৩ সালে বাজারে আসা স্মার্ট চশমার প্রথম সংস্করণেও ফেসিয়াল রিকগনিশন যুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছিল প্রতিষ্ঠানটি।
স্মার্ট চশমার বাজার আগামী বছরগুলোয় আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। আর এ বাজারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর পণ্যের তুলনায় নিজেদের এগিয়ে রাখতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস মেটার।
উল্লেখ্য, গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগের জেরে ব্যাপক জনরোষের মুখে ২০২১ সালে ফেসবুকের ‘ফেস রিকগনিশন’ সিস্টেম বন্ধ করে দিয়েছিল মেটা। এটি মূলত ছবিতে ট্যাগ করার কাজে ব্যবহার হতো।