image

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরিতে হুয়াওয়ের সঙ্গে বাংলালিংকের চুক্তি

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

‘মুক্ত পে’ নামে একটি নতুন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী প্রতিষ্ঠান নিও পিএসপি। এ লক্ষ্যে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা। বাংলাদেশে ক্যাশলেস আর্থিক সেবার পরিসর বাড়ানোই এই প্ল্যাটফর্মের লক্ষ্য।

গত ৪ মার্চ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার টিম ঝৌ (শাওফেং) নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে ‘মুক্ত পে’ হুয়াওয়ের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্ল্যাটফর্ম ব্যবহার করে নিরাপদ, তাৎক্ষণিক ও বড়-অঙ্কের ডিজিটাল লেনদেন নিশ্চিত করবে।

ইতোমধ্যে এ উদ্যোগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে ‘মুক্ত পে’ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি