image

সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, রমনা থানায় জিডি

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার (৭১) নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছেলে ঋত সরকার।

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-য় চাকরি করেন। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লেখেন এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর মতামত পাতায়ও লিখেন।

পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন তিনি। কিন্তু সেদিন আর বাসায় ফেরেননি। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি অফিসেও যাননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও না পাওয়ায় রাতে থানায় জিডি করা হয়।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, “আমরা খোঁজখবর নিচ্ছি। তবে তিনি মোবাইল ফোন বাসায় রেখে গেছেন। ফোনটি সঙ্গে থাকলে হয়তো খুঁজে পেতে সুবিধা হতো।”

বিভুরঞ্জনের ছোট ভাই চিররঞ্জন সরকার ফেসবুকে লিখেছেন, “আমার দাদা প্রতিদিনের মতো অফিসে যাবে বলে বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু অফিসে যাননি, পরিচিত কারও সাথেও দেখা হয়নি। রাত ১টা পর্যন্ত বাসায় ফেরেননি। হাসপাতাল, পার্ক—কোথাও তাকে পাওয়া যায়নি। এখন পরিবারের সবাই ভীষণ উদ্বেগের মধ্যে আছি।”

শুক্রবার সকাল ১১টা পর্যন্তও তিনি বাসায় ফেরেননি বলে জানিয়েছেন তার ভাই।

এদিকে আজকের পত্রিকা জানিয়েছে, বিভুরঞ্জন সরকার ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে আছেন।

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

সম্প্রতি