image

ঈদে ৫ দিন ছুটির দাবি সাংবাদিক নেতাদের

বেতন-বোনাস পরিশোধ ও পর্যাপ্ত ছুটি ঘোষণার দাবি

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধসহ সংবাদপত্রে ৫ দিনের ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (৯ মার্চ) এক যৌথ বিবৃতিতে দুই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এই দাবি উত্থাপন করেন।

বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ঈদের আর মাত্র অল্প কয়েকদিন বাকি থাকলেও অনেক প্রতিষ্ঠান এখনো সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি। অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করলেও সাংবাদিকদের পাওনা পরিশোধের ক্ষেত্রে নানা টালবাহানা করছে।

নিয়ম-নীতির তোয়াক্কা না করে নামমাত্র বেতন দেওয়া এবং উৎসব বোনাস নিয়ে গড়িমসি করা প্রচলিত আইনের পরিপন্থী বলে তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সাংবাদিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

প্রয়োজনে সরকারি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ওইসব প্রতিষ্ঠানের বিপক্ষে অবস্থান নেবে সাংবাদিক ইউনিয়ন। সংবাদকর্মীদের ন্যায্য পাওনা আদায়ে কোনো ধরনের আপোস করা হবে না বলেও বিবৃতিতে জানানো হয়।

এ দিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবার সাত দিনের ছুটি ঘোষণা করা হলেও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এখনো ছুটির বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত জানায়নি।

গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও সংবাদপত্রে অন্তত ৫ দিনের ছুটির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

তারা আশা প্রকাশ করেন, সংবাদকর্মীদের ঈদ আনন্দ আনন্দময় করতে মালিকপক্ষ দ্রুতই বেতন-বোনাস পরিশোধ ও পর্যাপ্ত ছুটির ঘোষণা দেবে।

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

সম্প্রতি