image

খায়রুল কবিরের ২৯তম মৃত্যুবার্ষিকী

সংবাদ অনলাইন রিপোর্ট

দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্যাংকার খায়রুল কবিরের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরে মারা যান। তাকে নরসিংদী ঘোড়াশালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশে ব্যাংকিং ক্ষেত্রে মরহুম খায়রুল কবির ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এই ব্যাংকটি আগে ব্যাংক অফ ত্রিপুরা আসাম অ্যান্ড বেঙ্গল নামে পরিচিত ছিল। এটি ভারতের একটি প্রাচীনতম ব্যাংক ছিল। তিনি ইউনাইটেড ব্যাংক অফ পাকিস্তানের তদানীন্তন পূর্ব পাকিস্তানের দায়িত্বে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া তিনি পাকিস্তান শিল্প ব্যাংকের পরিচালক এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ফেলো ছিলেন।

অত্যন্ত সংস্কৃতিমনা খায়রুল কবির ছিলেন পাকিস্তান আর্ট কাউন্সিলের (বর্তমানে শিল্পকলা একাডেমি) একজন প্রতিষ্ঠাতা। শিল্পাচার্য জয়নুল আবেদীন, চুগতাই, হাবিবুর রহমান, এসএম সুলতানের মতো অসংখ্য শিল্পীকে তিনি বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার প্রথম ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনকালে এফডিসিতে দেশের প্রথম রঙ্গীন চলচ্চিত্র পরিস্ফুটন ও মুদ্রণ ল্যাবরেটরি স্থাপন করেন।

দেশের ক্রীড়াজগতেও তার পদচারণা ছিল। তিনি তদানীন্তন পাকিস্তান বাস্কেট বল ফেডারেশনের সভাপতি ছিলেন। ফুটবল ফেডারেশন ও ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও সদস্য ছিলেন। তিনি ঢাকা স্টেডিয়াম নির্মাণ কমিটির সদস্য ছিলেন। এছাড়াও ইষ্ট পাকিস্তান ফ্লাইং ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

মরহুম খায়রুল কবির ঘোড়াশালের সম্ভ্রান্ত কবির পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য আজ তার পৈতৃক বাড়িতে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

‘শোক ও স্মরন’ : আরও খবর

সম্প্রতি