image

তাপপ্রবাহের কারণে বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশ স্থগিত

সংবাদ অনলাইন রিপোর্ট

সারাদেশে তীব্র এবং অসহনীয় তাপদাহের কারণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ঘোষিত আগামী শুক্রবার (২৬ এপ্রিল) নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান বলেন, ২৬ এপ্রিল সমাবেশ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশ পেছানো হতে পারে।

এর পর বিএনপির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, প্রচণ্ড গরমের কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে। পরে তারিখ চূড়ান্ত করে জানানো হবে।

এর আগে ২৬ এপ্রিল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা–কর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি নেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়।

অন্যদিকে ২৬ এপ্রিল রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, মহানগর দক্ষিণের একাধিক নেতা জেলে আছেন। দলের চেয়ারপারসনসহ গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে। আওয়ামী লীগ এবারও পাল্টা কর্মসূচি ঘোষণা করল।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজপথ উত্তপ্ত ছিল। নির্বাচনের পর বিএনপি সেভাবে রাজপথে বড় কর্মসূচি দেয়নি। রমজান মাসে নেতা–কর্মীদের চাঙা করতে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। পবিত্র ঈদুল ফিতরের পর ২৬ এপ্রিল সমাবেশের ঘোষণা দেয় দলটি।

‘রাজনীতি’ : আরও খবর

» পুরনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে: হাসনাত

» ইনকিলাব মঞ্চে হামলার জন্য সরকার দায়ী : নাসীরুদ্দীন নিজস্ব বার্তা পরিবেশক

» ঢাকায় দুই দিনে ১৪টি জনসভা করবেন তারেক রহমান

সম্প্রতি