image

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় খালাস

সংবাদ অনলাইন রিপোর্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আট বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন। আজ বুধবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক হাইকোর্ট বেঞ্চ বাবরের আপিল মঞ্জুর করে এ রায় দেন।

২০২১ সালের ১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক মো. শহিদুল ইসলাম বাবরকে দুটি ধারায় ৫ বছর ও ৩ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে একই বছর বাবর আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ হাইকোর্ট আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের রায় বাতিল করেন, ফলে বাবর সাজা থেকে খালাস পান।

বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং দুদকের পক্ষে ছিলেন এ কে এম ফজলুল হক। শিশির মনির জানান, বাবর খালাস পেলেও তাঁর বিরুদ্ধে আরও ১৩টি মামলা রয়েছে, তাই তিনি এখনই কারামুক্ত হচ্ছেন না।

২০০৮ সালের ১৩ জানুয়ারি দুদক বাবরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করে এবং একই বছরের ১৬ জুলাই অভিযোগপত্র দাখিল করে। ২০০৮ সালের ১২ আগস্ট আদালত অভিযোগ গঠন করেন। বাবর ২০০৭ সাল থেকে কারাগারে আছেন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ও ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

‘রাজনীতি’ : আরও খবর

» পুরনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে: হাসনাত

» ইনকিলাব মঞ্চে হামলার জন্য সরকার দায়ী : নাসীরুদ্দীন নিজস্ব বার্তা পরিবেশক

» ঢাকায় দুই দিনে ১৪টি জনসভা করবেন তারেক রহমান

সম্প্রতি