বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি দেশবাসীকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
শফিকুর রহমান তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, "বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২০২৪ সালের ৩৬ জুলাই একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহর মেহেরবানিতে উপহার হিসেবে পেয়েছে জাতি।" তিনি আরও যোগ করেন, "এখন দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে-বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত।"
জামায়াতের আমির বলেন, "বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি হলো, গণহত্যাকারীদের বিচার। চব্বিশের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন। আহত-পঙ্গু অসংখ্য ছাত্র-তরুণ-যুবক-মুক্তিকামী মানুষের সুচিকিৎসা। একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।"
শফিকুর রহমান লিখেছেন, "এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায়। এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই।" তিনি দেশবাসীকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
নগর-মহানগর: ৩২ আসনের ফল নিয়ে আইনি লড়াইয়ে যাবে ১১ দল