আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই দিন দুপুর ১২টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিএনপিকে সময় দেওয়ার বিষয়টি জানানো হয়।
বিএনপির নেতারা জানিয়েছেন, এই সাক্ষাতে তারা আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ, চলমান সংস্কার প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট ধারণা পাওয়ার প্রত্যাশা আছে তাদের।
দলের মতে, নির্বাচনের বিষয়ে সরকারের প্রকৃত অবস্থান এখনো পরিষ্কার নয়। দিন যত যাচ্ছে, নির্বাচন ঘিরে অস্পষ্টতা বাড়ছে বলেই বিএনপির নেতাদের ধারণা। এ অবস্থায় বিষয়টি পরিষ্কার করতেই এই সাক্ষাৎ চায় দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল। মঙ্গলবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো না হলেও আজ নতুন করে সময় জানানো হয়।
গত সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। সময় নির্ধারণ হলে একটি প্রতিনিধিদল সাক্ষাতে অংশ নেবে বলে জানানো হয়। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। তাঁর দেশে ফেরার কথা রয়েছে ১৬ এপ্রিলই।
বিএনপির নেতারা জানান, এর আগেও দলীয় ও জাতীয় নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন তারা। তবে এবারকার সাক্ষাৎ কিছুটা ব্যতিক্রম। দলটির পক্ষ থেকে এবারের বৈঠকে সরাসরি জানানো হবে, তারা ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেখতে চায়। পাশাপাশি, নির্বাচন নিয়ে সরকারের মনোভাব ও রোডম্যাপ কবে ঘোষণা করা হবে, তা স্পষ্টভাবে জানতে চায় বিএনপি।
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর শুল্কে সংকটে ভারতের রপ্তানি
আন্তর্জাতিক: মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা এরদোয়ানের
অর্থ-বাণিজ্য: শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: বাংলাদেশে তৈরি হবে টিভিএস মোটরসাইকেল