আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, একটি বিশেষ রাজনৈতিক দল স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে এবং পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় অনিয়ম চালাচ্ছে।
বৃহস্পতিবার, (১৫ জানুয়ারী ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিন অভিযোগ করে বলেন, গণমাধ্যমে দেখা গেছে একটি বিশেষ দলের মার্কায় ভোট দিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হচ্ছে, যা আচরণবিধির সরাসরি লঙ্ঘন। এছাড়া ওই দলটি বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যার পেছনে অসাধু উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেন তিনি।
প্রবাসীদের পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বাহরাইন, ওমান, কুয়েত ও সৌদি আরবে একটি নির্দিষ্ট দলের কর্মীদের কাছে শত শত ব্যালট থাকার খবর পাওয়া গেছে। একজনের নম্বর দিয়ে অন্যের ব্যালট সংগ্রহ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু প্রবাসীদের ভোটদান এবারই প্রথম তাই সেখানেও সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি।
পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে মাহদী আমিন বলেন, ব্যালটে ধানের শীষ প্রতীক নিচের দিকে রাখা হয়েছে, যা সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না বা ভাঁজ করলে চোখে পড়ছে না। অথচ প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রতীক কৌশলে ভালো জায়গায় রাখা হয়েছে। এছাড়া ফ্যাসিবাদী আমলে মামলার কারণে বিদেশে অবস্থান করা বিএনপি প্রার্থীদের নাগরিকত্ব প্রত্যাহার আবেদন করার পরও দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে জটিলতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ইসির অনুরোধে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার ব্যক্তিগত ও ধর্মীয় সফর স্থগিত করেছেন। অথচ অন্য দলের নেতারা নিয়মিত আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করছে।
সংবাদ সম্মেলনে তারেক রহমানের পরিবারের সদস্যদের নামে ভুয়া আইডির বিষয়ে সতর্ক করা হয়। মাহদী আমিন জানান, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেইসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফায়েড (ব্লু-টিক যুক্ত), এর বাইরে তার কোনো অ্যাকাউন্ট নেই। বিএনপির আইসিটি দপ্তর ইতিমধ্যে জাইমার নামে থাকা ৫০টির বেশি ভুয়া আইডি ও পেইজ রিমুভ করেছে।
তিনি আরও নিশ্চিত করেন যে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পেইজ নেই। অথচ তার নামে খোলা ভুয়া পেজগুলো থেকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বানোয়াট ভিডিও ছড়ানো হচ্ছে।
জনগণের মতামত নিতে বিএনপি ‘ম্যাচ মাই পলিসি’ কার্যক্রম ও একটি কল সেন্টার (নম্বর: ১৬৫৪৩) চালু করেছে বলে জানান মাহদী আমিন। তিনি জানান, আগামী ২২ জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে তারেক রহমান তার আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। এছাড়া জুলাই চার্টার ও দলীয় অবস্থান অনুযায়ী আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবে বলে নিশ্চিত করেন তিনি।