আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে।
সারাদেশের মানুষ ১২ তারিখে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন। তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। বিগত তিনটি নির্বাচনে কেন্দ্র থেকে ভোট না দিতে পেরে তাদের ফিরে আসতে হয়েছে। দেশের মানুষ আর ওই রকম নির্বাচন চান না। শনিবার,(৩১ জানুয়ারী ২০২৬) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড চত্ত্বরে আয়োজিত এনসিপির নির্বাচনী পথসভায় এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা যুবশক্তির আহ্বায়ক ফারনিম ফাহিমের পরিচালনায় ও এনসিপির ভালুকা উপজেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি সজীব ভূঁইয়া আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও অনিয়মের শিকার।
জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি রাজপথে সক্রিয় রয়েছে। তিনি বলেন, এনসিপি ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, ভালুকাসহ ময়মনসিংহ অঞ্চলের মানুষ শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও নানামুখী সমস্যায় জর্জরিত। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সুবিধার ক্ষেত্রে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছে। এসব সমস্যা সমাধানে জনগণের পাশে থেকে এনসিপি কাজ করবে বলে তিনি আশ্বাস দেন। তিনি এনসিপির মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলামকে (শাপলাকলি প্রতীক) ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ময়মনসিংহ ১১ ভালুকা আসনের ১১ দলীয় জোটের মনোনীত (এনসিপির) প্রার্থী ডা. জাহিদুল ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম, জামায়াতের ভালুকা উপজেলা আমীর ছাইফ উল্যাহ পাঠান ফজলু, সেক্রেটারী শাহীনুর রহমান শাহীন প্রমুখ। পরে একটি নির্বাচনী পথযাত্রা বের করা হয়।