image

আর ভোটাধিকার আদায়ের জন্য জনগণকে ভবিষ্যতে রক্ত দিতে হবে না : সালাহউদ্দিন আহমেদ

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তার নির্বাচনী এলাকার আওতাধীন চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় বিরতিহীনভাবে গণসংযোগে চষে বেড়াচ্ছেন।

নির্বাচনী প্রচারণার ৮ম দিনে শনিবার,(৩১ জানুয়ারী ২০২৬) সকালে গণসংযোগের শুরুতেই চকরিয়া সরকারি হাই স্কুল এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি পৌরসভার বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দু পাড়া, আমাইন্নারচর হাল কাকারাসহ বেশ ক’টি ওয়ার্ডে গণসংযোগ করেছেন। তার গণসংযোগে উৎসুক নারী-পুরুষ শ্রেণীপেশার মানুষের ঢল নামে। এ সময় সালাহউদ্দিন আহমদ সবার কাছে ধানের শীষের পক্ষে ভোট চান।

পরে দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজীরপাড়া স্টেশনে গণসংযোগ পরবর্তী স্থানীয় দক্ষিণ শাখা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ।

পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিয়ে এইবার বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার সুযোগ দেবেন। যার বদৌলতে আর কোনদিন জনগণের ভোটাধিকার কেউ হরণ করতে পারবে না। গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হরণ করতে পারবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিতে না হয়, সেজন্য দেশবাসীকে এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে-বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে দেশগড়ার জন্য সুযোগ দিলে ইনশাআল্লাহ আগামীতে শান্তি, নিরাপত্তা সুশাসন ও উন্নয়ন সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে বিএনপি।

চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি শামীম ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজেম উদ্দিনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, এএম আলী আকবর, নুরুল হক রিটু, সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান প্রমুখ।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি