বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের সময় দেশের বিরোধিতা করা একটি দল এখনও তাদের ভূমিকার জন্য ক্ষমা চায়নি, অথচ ভোট চাইছে।
শনিবার,(৩১ জানুয়ারী ২০২৬) সকালে ঠাকুরগাঁও সদরের আকচা এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। জামায়াতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে যে দলটি দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা মানুষ হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে তারা এখনও এসবের জন্য ক্ষমা চায়নি। আগে একাত্তরের কৃতকর্মের জন্য মাফ চেয়ে তারপর জনগণের কাছে ভোট চান।’
তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে এলাকায় কাক্সিক্ষত উন্নয়ন করা সম্ভব হয়নি। ‘এটা আমার শেষ নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন,’ ভোটারদের উদ্দেশে এমন আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব রংপুরে দেয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ নেয়া হবে। ‘১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ যাদের আছে, সুদসহ মওকুফ করা হবে। আমার মায়েদের জন্যও একটি সুখবর অনেকে এনজিও থেকে ঋণ নিয়েছেন, সরকার গঠন করতে পারলে সেই দায় সরকার নেবে,’ বলেন তিনি। এছাড়া সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। এসব কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা পৌঁছে দেয়ার কথা উল্লেখ করেন তিনি।
পথসভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।