image

আদালত থেকে বিএনপির একজনের প্রার্থিতা বৈধ হলেও ভাগ্য পুড়েছে বাকি দুই নেতার

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটেছে বিএনপির তিন হেভিওয়েট প্রার্থীর।

রবিবার সকালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ বিষয়ে চূড়ান্ত রায় প্রদান করেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চের দেওয়া এই রায়ে একজনের প্রার্থিতা বৈধ হলেও ভাগ্য পুড়েছে বাকি দুই নেতার।

আদালতের রায়ে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে আনা ঋণখেলাপির অভিযোগ খারিজ করে দিয়ে আপিল বিভাগ তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে মোবাশ্বের আলমের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা থাকলো না এবং তিনি দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনী লড়াইয়ে ফিরছেন।

তবে একই আসনে দুঃসংবাদ পেয়েছেন বিএনপির আরেক হেভিওয়েট নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া। তার বিরুদ্ধে থাকা দ্বৈত নাগরিকত্বের (যুক্তরাষ্ট্র) অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন ও হাইকোর্টের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তই বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে এবারের নির্বাচনী দৌড় থেকে ছিটকে গেলেন প্রভাবশালী এই নেতা।

এদিকে, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনেও বড় ধাক্কা খেয়েছে বিএনপি। এই আসনে দলটির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাও অবৈধ ঘোষণা করেছেন আদালত। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা ‘লিভ টু আপিল’ খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি