image
গঙ্গাচড়া (রংপুর) : জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার রংপুর-১ আসনের এমপি প্রার্থীদের -সংবাদ

জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার রংপুর-১ আসনের এমপিপ্রার্থীদের

প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের অংশগ্রহণে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আনাস এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী আহসানুল আরেফিন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন উপজেলা সুজন কমিটির সভাপতি অধ্যক্ষ নূরন নবী। তিনি স্বাগত বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তারা একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে জনসমক্ষে হাত মিলিয়ে প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে এলাকায় দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। দায়িত্ব পালনে স্বজনপ্রীতি ও দলীয়করণ পরিহারেরও অঙ্গীকার করেন তারা। প্রার্থীরা আরও বলেন, নির্বাচনে পরাজিত হলে তারা জনগণের রায় মেনে নেবেন এবং বিজয়ী প্রার্থীকে সহযোগিতা করবেন। একইভাবে বিজয়ী প্রার্থীও পরাজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণ শপথবাক্য পাঠ করেন। তারা যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার এবং কোনো প্রকার অবৈধ অর্থের প্রলোভনে প্রভাবিত না হওয়ার অঙ্গীকার করেন। এ সময় আরও বক্তব্য দেন জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাছিমা আমিন এবং গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মহানগর সুজনের সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ স্বাধীন, উপজেলা সুজনের সদস্য সুজন আহম্মেদ, খাদেমুল ইসলাম ইমন ও ইয়ুথ সদস্য মেহজাবীন মৌ। অনুষ্ঠান সফল করতে সুজনের নেতা, স্থানীয় সাংবাদিক, ইয়ুথ সদস্যরা এবং দ্য হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মো. শামসুদ্দিন সার্বিক সহযোগিতা করেন।

‘রাজনীতি’ : আরও খবর

» একান্ত সাক্ষাৎকারে লাঙ্গল মার্কার প্রার্থী সিদ্দিক

সম্প্রতি