ইসলামী আদর্শ অনুযায়ী নারীরা নেতৃত্বের শীর্ষ পদে না থাকলেও তাদের অধিকার রক্ষা ও নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলটির মহিলা বিভাগের নেত্রীরা এই অবস্থানের কথা স্পষ্ট করেন।
তারা জানান, পবিত্র কুরআনের বিধান অনুযায়ী পুরুষরা নারীদের অভিভাবক বা পরিচালক, তাই আমীর পদের মতো শীর্ষ নেতৃত্বে নারীর অনুপস্থিতি নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই। বরং দীর্ঘ দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিত নারীদের জন্য একটি সুষ্ঠু ও ভীতিহীন পরিবেশ তৈরি করাই এখন সময়ের প্রধান দাবি।
নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের মহিলা বিভাগের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল নূরন্নেসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাইদা রহমান এবং রাজনৈতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত হাবিবা চৌধুরী।
বৈঠক শেষে তারা অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্তত ১৫টি স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এসব হামলার সচিত্র প্রমাণসহ একটি স্মারকলিপি সিইসির কাছে জমা দেওয়া হয়েছে। নেত্রীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয়ভীতি দেখিয়ে নারীদের দমিয়ে রাখা যাবে না এবং যেকোনো বাধার মুখে নারীরা সাহসের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলবে।
ব্রিফিংকালে নূরন্নেসা সিদ্দিকা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জামায়াত একটি ইসলামী সংগঠন হিসেবে সরাসরি কুরআনের নির্দেশ অনুসরণ করে। শীর্ষ পদে নারী না থাকা তাদের ঈমানি বিশ্বাসের অংশ এবং এটি কোনোভাবেই নারী অধিকারের অন্তরায় নয়।
তিনি বিগত ৫৪ বছরে দেশের দুই নারী প্রধানমন্ত্রীর শাসনের কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, শীর্ষ পদে নারী থাকলেই কি নারীর নিরাপত্তা নিশ্চিত হয়? তার মতে, লিঙ্গ পরিচয়ের চেয়ে মানবিক ও ইনসাফ কায়েমকারী নেতৃত্বই নারীদের জন্য বেশি জরুরি।
জামায়াতের অভ্যন্তরীণ কাঠামোতে নারীর সক্রিয় অংশগ্রহণ রয়েছে দাবি করে তিনি জানান, দলটির মজলিসে শুরার উপদেষ্টা কমিটিতে প্রায় ৪৩ শতাংশ নারী প্রতিনিধি রয়েছেন এবং স্থানীয় সরকার নির্বাচনেও তারা নিয়মিত অংশ নিচ্ছেন।
অন্যদিকে, হাবিবা চৌধুরী জানান, নির্বাচন কমিশন তাদের অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছে। নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ষড়যন্ত্র মোকাবিলায় কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। দেশের মোট ভোটারের অর্ধেক নারী হওয়ায় তাদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সুন্দর করতে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানায় জামায়াতের এই প্রতিনিধি দল।
অর্থ-বাণিজ্য: কর্মবিরতির দ্বিতীয় দিন, অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে
অর্থ-বাণিজ্য: তিন দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো শুরু
অর্থ-বাণিজ্য: শেষ হলো বাণিজ্য মেলা, রপ্তানি আদেশ এলো ২২৪ কোটি টাকার