বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে তীব্র প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের পেছনে দলীয় টেন্টে আয়োজিত এই সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা জামায়াত আমিরের মন্তব্যের কড়া সমালোচনা করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নেতাকর্মীরা জামায়াত-শিবির বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং নারী সমাজকে অপমানের অভিযোগে শফিকুর রহমানের ক্ষমা দাবি করেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে বলেন, যারা অতীতে পাকিস্তানি বাহিনীর দোসর ছিলেন, তারাই আজ নারীদের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার করছেন। আমিরের আইডি হ্যাক হওয়ার দাবিকে নাকচ করে দিয়ে তিনি কারিগরি যুক্তি তুলে ধরে বলেন, এক্স অ্যাকাউন্টের প্রাইভেসি পলিসি অনুযায়ী হ্যাক হওয়া আইডি এত দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব নয়; বরং চাপের মুখে পড়ে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের নারী সমাজ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই ধরনের মানসিকতার যোগ্য জবাব দেবে এবং তাদের রাজনৈতিকভাবে বিতাড়িত করবে।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ভাষার মাসে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, জামায়াত নেতারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে অনলাইন প্ল্যাটফর্মে শিবিরের কর্মীদের মাধ্যমে নারীদের হেনস্তা করছে।
এই সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদ মনোনীত রাকসুর জিএস প্রার্থী আফরিন জাহান। শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি এবং বিজয়-২৪ হলের সভাপতি গাজী ফেরদৌস। বক্তারা সম্মিলিতভাবে নারীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা দেন।