জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই তিনি জানিয়েছেন যে, ওই অ্যাকাউন্টটি গতকাল শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল। সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে।
‘নারী বিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর সমালোচনার মুখে, রাত ১টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক?’: বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন
‘এক্স হ্যান্ডেলের অ্যাডমিনের দায়িত্ব, হ্যাক-হিস্ট্রি আমাদের দেখানো, নয়তো এই (হ্যাকের গল্প) ধারণা বদলাচ্ছে না।’: যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এক্সপেরিমেন্টাল হিউম্যানিটিজ বার্ড কলেজের ভিজিটিং অধ্যাপক ফাহমিদুল হক
তার দল জামায়াত ইসলামী বলছে, ওই পোস্টটি শফিকুর রহমান বা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা করেননি বরং বিষয়টি তাদের দৃষ্টিতে পড়ার পর তারা ‘মাত্র ৪৫ মিনিটের মধ্যেই’ অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন।
এই হ্যাকিংয়ের সঙ্গে ‘একটি বিশেষ দল ও তাদের সাইবার টিম জড়িত’ বলে রোববার, (০১ ফেব্রুয়ারী ২০২৬) এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
গতকাল শনিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি দলের আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডলসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে। এর মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাতেই হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সমালোচনা
এদিকে সারাদেশে ওই পোস্ট নিয়ে তুমুল সমালোচনার ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। সামাজিক মাধ্যমেও এ নিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছেন জামায়াতের আমির।
সামাজিক মাধ্যমেই অনেকেই ‘৪৫ মিনিটের মধ্যে’ হ্যাক হওয়া এক্স অ্যাকাউন্ট পুনরুদ্ধার নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিএনপির পক্ষ থেকেও এক সংবাদ সম্মেলনে এ দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, ‘সংগত কারণেই প্রশ্ন ওঠে যে, নারী বিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর সমালোচনার মুখে, রাত ১টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক’ তিনি বলেন, ‘কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং সবাই সতর্ক থাকতে পারে। কিন্তু এখানে দেখা গেল, জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকিংয়ের দাবি তোলা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই দাবি কতটা বিশ্বাসযোগ্য’ সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হলে তা ফিরে পাওয়ার (রিকভারি) প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে।
‘ধারণা বদলাচ্ছে না’
এদিকে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে রোববার দুটি স্ট্যাটাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এক্সপেরিমেন্টাল হিউম্যানিটিজ বার্ড কলেজের ভিজিটিং অধ্যাপক ফাহমিদুল হক।
প্রথমে দীর্ঘ একটি পোস্টে তিনি লিখেছেন , ‘যা বোঝা গেল, জামাতের (জামায়াত) আমির/অ্যাডমিন সমালোচনার মুখে এক্সের পোস্টটা ডিলিট করে, পরে হ্যাকের গল্প বলেছেন। আল জাজিরার ইন্টারভিউতে নারী নেতৃত্ববিষয়ক মন্তব্যের ব্যাকল্যাশ সামলাতে, এই টুইট, যাতে ঘরের বাইরের আধুনিক নারীদের কাজকর্ম পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে। ফলে, অধিক ব্যাকল্যাশের জন্ম দিয়েছে। এক্স হ্যান্ডেলের অ্যাডমিনের দায়িত্ব, হ্যাক-হিস্ট্রি আমাদের দেখানো, নয়তো এই ধারণা বদলাচ্ছে না।’
তিনি আরও লিখেছেন, ‘ঘরের বাইরে যেসব মেয়েরা এসে কাজ করে, তাদের কী দৃষ্টিতে দেখে জামাতের লোকজন, তা জানা ছিল, ক্রমশ আরও পরিস্কার বোঝা যাচ্ছে। এতো আর নতুন নয়। দুদিন আগেই আগের ডাকসুকে বেশ্যালয় বলেছিলেন জামায়াতের আরেক নেতা। এর প্রতিবাদে যেসব ছাত্রীরা ঢাবিতে প্রটেস্ট করেছিল, তাদের বেশ্যা ডেকেছে অনলাইনের আল বটর। ঘুরেফিরে নারীদের যৌন সামগ্রী ও সেবাদাসী ছাড়া কিছু ভাবতে পারে না তারা।’
এক ঘণ্টা পর দেয়া আরেকটি পোস্টে তিনি লিখেছেন, তিনি চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে, উদ্ধার করতে কত সময় লাগে। চ্যাটজিপিট উত্তর দিয়েছে, ‘দুই দিন থেকে কয়েক সপ্তাহ। খুব দ্রুত, খুব ভালোমতো সাক্ষ্যপ্রমাণ দিলে অন্তত একদিন লাগবেই।’ জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট উদ্ধারের প্রকৃত সময় কত লেগেছে, তা পোস্টে জানতে চেয়েছেন এই শিক্ষক।