ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার, (০১ ফেব্রুয়ারী ২০২৬) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে দলটির পক্ষ থেকে এই প্রস্তাবনা তুলে ধরা হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, নির্বাচনের মতো একটি জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় অল্প বয়সী ছাত্রদের সম্পৃক্ত করা ঠিক হবে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই কাজে যুক্ত হলে ছাত্ররা এবং তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে। তাই তাদের নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত না করাই শ্রেয় বলে মনে করে বিএনপি।
নজরুল ইসলাম খান আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনে যাদের কথা উল্লেখ আছে, কেবল তাদেরই নির্বাচনের কাজে রাখা উচিত। ছাত্রদের পর হয়তো স্কাউটদেরও যুক্ত করার কথা বলা হতে পারে এমন তথ্য পাওয়ার কথাও তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশন বিএনপির এই যুক্তির যৌক্তিকতা স্বীকার করেছে এবং আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছে।
ভোটার তালিকা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, গত দেড় বছরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার মাইগ্রেশন বা স্থানান্তর হয়েছে বলে বিএনপির কাছে তথ্য রয়েছে। কমিশন এই সংখ্যা মাত্র ২-৩ হাজার বললেও বিএনপি এই তথ্যে সন্তুষ্ট নয়। দলটির ধারণা, কমিশনকে ভুল তথ্য সরবরাহ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, অনেক হোল্ডিং নম্বরে যেখানে ৪-৫ জন থাকার কথা, সেখানে ২০-৩০ জন ভোটার হওয়ার তথ্য রয়েছে।
পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, ৫৫ হাজারেরও বেশি স্থানীয় পর্যবেক্ষককে অনুমতি দেয়া হয়েছে, যার মধ্যে অনেক অপরিচিত প্রতিষ্ঠানও রয়েছে। যাদের সক্ষমতা আছে তাদেরই কেবল পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া উচিত এবং অতিরিক্ত পর্যবেক্ষক যেন নির্বাচনী কাজে বিঘ্ন না ঘটায়, সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি।
নির্বাচনী এলাকায় ‘শান্তি কমিটি’ গঠনের গুঞ্জন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘শান্তি কমিটি’ শব্দটি তাদের কাছে অত্যন্ত অপ্রিয়। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধরনের কোনো কমিটি করার সিদ্ধান্ত তারা নেয়নি। এছাড়া বিশৃঙ্খলা এড়াতে ভোটের অন্তত দুই দিন আগে বহিরাগত রাজনৈতিক নেতাকর্মীদের নির্বাচনী এলাকা ত্যাগের নিয়ম কঠোরভাবে পালনের আহ্বান জানায় বিএনপি।
এর আগে দুপুরে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠক করেন।