বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়া (কক্সবাজার-১) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ এদেশের মানুষ সেটি চায় না উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনী প্রচারণার ৯ম দিনে রোববার, (০১ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১০টার দিকে তিনি চকরিয়া উপজেলার উপকূলীয় মাতামুহুরী সাংগঠনিক থানার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে ছাত্র গণঅভ্যুত্থানে শত-সহস্র মানুষ রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। তাদের আকাক্সক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাক্সক্ষা পূরণের দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি।
তিনি আরও বলেন, আমরা অবাস্তব কিছু বলছি না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই।
এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ করবো, খাল খনন করবো, প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাবো এ নিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে। অথচ অন্যান্য দল যারা মাঠে রয়েছে তাদের কোনো পরিকল্পনা নাই এদেশের মানুষের জন্য। তারা রয়েছে দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা শৃঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি। সেজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।