চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল রোববার উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ নুরুল আমিন উপস্থিত সাংবাদিকদের সামনে ফটিকছড়ি উপজেলা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, ফটিকছড়ির মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং অবহেলিত জনপদের উন্নয়নে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ফটিকছড়িকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আগামীর বাংলাদেশ কেমন হবে—তার রূপরেখা দিতে গিয়ে জামায়াত মনোনীত এই প্রার্থী বলেন, আমাদের লক্ষ্য হলো একটি প্রযুক্তি-নির্ভর আধুনিক রাষ্ট্র গঠন করা। আমরা এমন একটি ‘নতুন বাংলাদেশ’ গড়তে চাই, যা হবে সম্পূর্ণ ন্যায় ও ইনসাফভিত্তিক। সেখানে কোনো প্রকার বৈষম্য থাকবে না, প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে। সভায় এনসিপি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বাযক একরামুল হক, উত্তর জেলা শিবিরের সভাপতি শওকত, নাজিম উদ্দিন সিকদার, থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা এবং ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।