image
সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান -সংবাদ

যারা নারীদের অপমান করে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেয়ার সময় এসেছে: তারেক রহমান

প্রতিনিধি, যশোর ও খুলনা

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যারা নারীদের অপমান করে তাদের জবাব দেয়ার সময় এসেছে।

বিগত সরকারের মতো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি দল উঠেপড়ে লেগেছে

গার্মেন্টসের মতো যশোরের ফুলকে বিদেশে রপ্তানির উদ্যোগ, বন্ধ চিনিকলগুলো চালু করা এবং মৃতপ্রায় খুলনার শিল্পনগরীকে পুনরায় জীবিত করা হবে

বিএনপি একমাত্র দল যাদের দেশ পরিচালনা এবং দুর্নীতি দমনের অভিজ্ঞতা রয়েছে

বিএনপি সরকার গঠন করলে নারীদের স্বাবলম্বী করতে ঘরে ঘরে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) যশোর ও খুলনায় পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে এবং বিকেলে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এই জনসভাগুলো অনুষ্ঠিত হয়।

নারীদের নিয়ে কটুক্তির জবাবে তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ কথা বলেছেন। ৫ আগস্টের পর ওই দলটি মা-বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে বন্দী রাখতে চাইছে। অথচ দেশের উন্নয়নে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, তীব্র সমালোচনার মুখে ওই নেতা এখন দাবি করছেন যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, যা প্রশাসনের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। তারেক রহমান প্রশ্ন তোলেন, যেই দল নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অপমান করে, তারা ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা দিতে পারবে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, মহানবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজাও একজন ব্যবসায়ী ছিলেন, অথচ যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারা নারীদের কর্মসংস্থানকে লজ্জাজনক বলছে।

নারীদের ক্ষমতায়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, খালেদা জিয়া মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। এবার বিএনপি ক্ষমতায় গেলে মা-বোনদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেয়া হবে, যাতে তারা কারও মুখাপেক্ষী না হয়ে স্বাবলম্বী হতে পারেন। বিএনপি সরকার গঠন করলে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে নিয়ে দেশ গড়বে এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্রীয় সম্মানি দেয়ার ঘোষণা দেন তিনি।

আঞ্চলিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যশোরের ফুলকে গার্মেন্টসের মতো বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়া হবে এবং এই অঞ্চলের বন্ধ চিনিকলগুলো চালু করা হবে। খুলনায় তিনি মৃতপ্রায় শিল্পনগরীকে পুনরায় জীবিত করার আশ্বাস দেন।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত সরকারের মতো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি দল উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, ভোট গণনার নামে কালক্ষেপণ বা কোনো সুযোগ নিতে চাইলে জনগণকে তা প্রতিহত করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল যাদের দেশ পরিচালনা এবং দুর্নীতি দমনের অভিজ্ঞতা রয়েছে। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করে দেশ পুনর্গঠনে অংশ নেয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

জনসভায় যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার ২২ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী রঙিন ব্যানার ও ফেস্টুন নিয়ে যোগ দেন এবং স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে শঙ্কা, গানম্যান ও আগ্নেয়াস্ত্র চাইছেন প্রার্থীরা

» বুধ-বৃহস্পতি-শুক্রবার তিন দলের তিন শীর্ষ নেতা বরিশালে আসছেন

» দেশজুড়ে ‘জামায়াতের ওপর বিএনপির হামলা’, ইসিতে অভিযোগ জানালো এনসিপি

সম্প্রতি