ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে ড. কাইয়ুমের প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালতে ড. কাইয়ুমের পক্ষে শুনানি করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। অন্যদিকে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
মামলার বিবরণ থেকে জানা যায়, ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে তার প্রার্থিতা স্থগিতের আবেদন জানিয়েছিলেন একই আসনের ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গত ২ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টে এই রিটটি দায়ের করেছিলেন। এর আগে নির্বাচন কমিশন উভয়ের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিলো।
নাহিদ ইসলামের করা ওই রিট আবেদনে দাবি করা হয়েছিলো, বিএনপি মনোনীত প্রার্থী তার নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন, যা নির্বাচনি আইনের পরিপন্থী। তবে আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন।
উল্লেখ্য, ড. এম এ কাইয়ুম বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক: রহস্যময় কুখ্যাত চরিত্র জেফরি এপস্টেইন
অর্থ-বাণিজ্য: স্বর্ণের ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা