image

সাভারে ধানের শীষের প্রচারণায় সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

সাভারের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর স্ত্রী রওশন আক্তার চৌধুরীরকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রী হয়েও ধানের শীষের প্রচারণায় তার অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

জানা যায়, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরী তার ভাই সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট চাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। অনেকের প্রশ্ন, স্বামী যখন আওয়ামী লীগের সাবেক গুরুত্বপূর্ণ নেতা ও বর্তমানে কারাগারে রয়েছেন, তখন স্ত্রী কীভাবে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করছেন। এ নিয়ে সাধারণ ভোটারদের মাঝেও নানা গুঞ্জন তৈরি হয়েছে।

এই চাঞ্চল্যকর বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য রওশন আক্তার চৌধুরীর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তার ফোনটি বন্ধ রয়েছে। তবে বিএনপি প্রার্থীর পক্ষে তার এই অবস্থান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাভারের স্থানীয় রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে শঙ্কা, গানম্যান ও আগ্নেয়াস্ত্র চাইছেন প্রার্থীরা

» বুধ-বৃহস্পতি-শুক্রবার তিন দলের তিন শীর্ষ নেতা বরিশালে আসছেন

» দেশজুড়ে ‘জামায়াতের ওপর বিএনপির হামলা’, ইসিতে অভিযোগ জানালো এনসিপি

সম্প্রতি