‘দেশে নতুন জালেমের আবির্ভাব, গুপ্ত পরিচয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে’: তারেক রহমান

জেলা বার্তা পরিবেশক এবং বরিশাল ও ফরিদপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দক্ষিণাঞ্চলে ধারাবাহিক জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠনের পর কৃষক, নারী, যুবক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তিনি একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তাদের ‘নতুন জালেম’ আখ্যা দিয়ে গুপ্ত পরিচয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন। বুধবার, (০৪ ফেব্রুয়ারী ২০২৬) বরিশাল ও ফরিদপুরে পৃথক দুই বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশাল সফরে এসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি রাজনৈতিক দল ভিন্ন পরিচয়ে জনগণের সামনে হাজির হলেও বাস্তবে তারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা গুপ্ত পরিচয়ে মানুষের মন ভোলানোর চেষ্টা করছে। সবাইকে এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।’

বুধবার দুপুরে হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছালে আউটার স্টেডিয়ামের হেলিপ্যাডে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। সেখান থেকে তিনি সরাসরি ঐতিহাসিক বেলস পার্কের জনসভায় যোগ দিয়ে লাখো মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন।

https://sangbad.net.bd/images/2026/February/05Feb26/news/Untitled-1%20%284%29.jpg

তারেক রহমান বলেন, ‘পতিত স্বৈরাচারী সরকার ১৮ বছর জনগণের ভোট ও মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছিল। নিশি রাতের ভোট, ডামি ভোটের কারিগররা ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে গেছে। আমরা ভেবেছিলাম সেই দমন-পীড়নের রাজনীতি শেষ হবে, কিন্তু দুঃখজনকভাবে তা হয়নি।’

তিনি জানান, আগামী ১২ তারিখ দেশের প্রায় ১৩ কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে জাল ব্যালট ছাপানো ও বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহের খবর পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

উন্নয়ন ও প্রতিশ্রুতি

বরিশালের জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে দরিদ্র পরিবারের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে সার-বীজের সহজ প্রাপ্যতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। দক্ষিণাঞ্চলে কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের কথাও বলেন।

ভোলাকে বরিশালের সঙ্গে সংযুক্ত করতে সেতু নির্মাণ, ভোলার গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা স্থাপন, দক্ষিণাঞ্চলে ব্যাপক শিল্পায়ন, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং নারী সমাজকে কর্মমুখী করার অঙ্গীকার করেন তিনি। ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের উন্নয়নের কথাও উল্লেখ করেন।

নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অঞ্চলের বহু জনপদ ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে, এমনকি মানুষের পূর্বপুরুষের কবরও ভেঙে যাচ্ছে। আমরা এটি রোধে কার্যকর ব্যবস্থা নেব।’

নারী ও রাজনীতি প্রসঙ্গে কঠোর বক্তব্য

তারেক রহমান বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশের নারী-পুরুষ মাঠে কাজ করে। শুধু মাঠে নয় অফিস আদালত, কলকারখানায় পুরুষের পাশাপাশি মা-বোনেরাও একসঙ্গে কাজ করে। আমাদের বৈদেশিক অর্থনীতির মূল চালিকাশক্তি গার্মেন্ট শিল্পে কাজ করে মা-বোনেরা সারা বিশ্বে সুনাম কুড়াচ্ছে। অথচ অত্যন্ত ঘৃণার সঙ্গে দেখলাম নতুন জালেমদের নেতা দু’দিন আগে দেশের কর্মজীবী নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যাদের মা-বোনদের প্রতি সামান্য শ্রদ্ধা নেই তাদের কাছ থেকে বাংলাদেশের অগ্রগতি কামনা করা যায় না। এরা দেশের নারী সমাজের ইজ্জত দিতে জানে না। তাদের নেতা মা-বোনদের সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এখন বলছেন এটা তার বক্তব্য না, হ্যাক হয়েছে। কিন্তু বিশেষজ্ঞগণ যাচাই করে দেখেছেন, কোনো হ্যাক হয়নি। বিএনপির চেয়ারম্যান বলেন, আমাদের নবীজীর (সা.) স্ত্রী বিবি খাদিজা (রা.) কর্মজীবী মহিলা ছিলেন। বদরের যুদ্ধে মা আয়শা (রা.) রণাঙ্গনে অস্ত্র সরবরাহ করেছিলেন। সেই নারীদের ঘরবন্দী করে রাখার কথা বলছেন একদল। কিন্তু মা-বোনদের ঘরবন্দী করে দেশের উন্নয়ন সম্ভব নয়। জনগণ পাশে না থাকলে কী হয় তা আপনারা গত ৫ আগস্ট দেখেছেন। তারেক রহমান বলেন, কুমিল্লায় তাদের আরেক নেতা দলীয় কর্মীদের বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন। ১২ তারিখের পরে জনগণ আপনাদের পা ধরবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ১৩ তারিখের পর থেকে জনগণের পা ধরে থাকবেন। তাহলে জনগণ আমাদের পাশে থাকবে।

# ফরিদপুরে বিশাল জনসভা

বুধবার ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুরকে পূর্ণাঙ্গ বিভাগে উন্নীত করা হবে। পদ্মাসহ বিভিন্ন নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা, পানির সংকট নিরসনে অবকাঠামো উন্নয়ন ও সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

ফরিদপুরের সভায়ও কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ঘরে হেলথকেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আর ২০২৪ সালে ছাত্র-জনতা সেই স্বাধীনতা রক্ষা করেছে।’ তরুণদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

# জনসভায় বিশৃঙ্খলা

বরিশালের জনসভায় নারী নেতাকর্মীদের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে আলাদা বসার ব্যবস্থা করা হলেও মঞ্চে ওঠার সময় ব্যারিকেড ভেঙে হুড়োহুড়ি শুরু হলে কয়েকজন নারী অসুস্থ হয়ে পড়েন।

# উপস্থিতি

বরিশাল ও ফরিদপুরের জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন আসনের জোটপ্রার্থীরা বক্তব্য রাখেন। নেতারা দাবি করেন, এই বিপুল জনসমাগমই পরিবর্তনের পক্ষে জনগণের সমর্থনের প্রতিফলন।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে শঙ্কা, গানম্যান ও আগ্নেয়াস্ত্র চাইছেন প্রার্থীরা

» বুধ-বৃহস্পতি-শুক্রবার তিন দলের তিন শীর্ষ নেতা বরিশালে আসছেন

» দেশজুড়ে ‘জামায়াতের ওপর বিএনপির হামলা’, ইসিতে অভিযোগ জানালো এনসিপি

সম্প্রতি