শুক্রবাল বিএনপির ইশতেহার ঘোষণা, রোববার ঢাকায় শেষ জনসভা

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়া আগামী রবিবার ঢাকায় দলটির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী ২০২৬) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান।

রুহুল কবির রিজভী জানান, শুক্রবার (আগামীকাল) দুপুর ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, রবিবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলের তিন জেলা সফর শেষে তিনি এই জনসভায় যোগ দেবেন। জনসভায় তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলেও জানা গেছে। এটিই হবে ঢাকা মহানগরীতে বিএনপির সর্বশেষ নির্বাচনী সমাবেশ। ঢাকার ২০টি আসন এবং এর আশপাশের এলাকার বিএনপি প্রার্থীরা এতে উপস্থিত থাকবেন।

শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রিজভী বলেন, প্রত্যাশা একটাই ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। বিএনপি সবসময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি বলেন, এত নিপীড়ন করেও বিএনপিকে দমন করা যায়নি।

তিনি আরও বলেন, দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। সেই আবেগ ধারণ করেই জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।

জামায়াত আমীরের একটি স্ট্যাটাস প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না’ নিজে একটি কাজ করে সেটি নানাভাবে ঢাকার চেষ্টার কারণেই এই প্রবাদ প্রচলিত। বর্তমানে যা কিছু দেখা যাচ্ছে, তা শাক দিয়ে মাছ ঢাকারই নামান্তর।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» আগামীকাল উত্তরবঙ্গের তিন জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান

» ‘রাজার ছেলে রাজা হবে’ এমন রাজনীতি চলবে না: ডা. শফিকুর রহমান

সম্প্রতি