বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-০১) আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে নেমেই সহজ-সরল মানুষের মাঝে জান্নাতের টিকেট বিক্রি শুরু করেছে। এটা কিন্তু ভোট আদায়ের জন্য অবান্তর কথা এবং ধোঁকাবাজি।
‘ভোটের বিনিময়ে কেউ যদি জান্নাত দেয়ার কথা বলে, তবে তাকে জিজ্ঞেস করবেন সেই জান্নাতের বাসস্ট্যান্ড কোথায়? ইসলামের নামে ভোটের রাজনীতি করা ইমানের ক্ষতি করে। আল্লাহর কাজ বান্দা করতে পারে না।’
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী ২০২৬) বিকেল ৫টার দিকে নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে শিলখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে দেশের ইতিহাস বিকৃত করছে। যারা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের মা-বোনদের তুলে দিয়েছিল, সেই স্বাধীনতাবিরোধী শক্তিই আজ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে পরিচিত করাতে চাইছে।
‘ওই দলের আমির সাহেব দাবি করেছেন তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। অথচ বাস্তবতা হলো, বিএনপিই প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। এই দলের প্রতিষ্ঠা হয়েছে স্বাধীনতার ঘোষকের মাধ্যমে। বিএনপিতে যে সংখ্যক সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, অন্য কোনো দলের সঙ্গে তার কোনো তুলনা নেই। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি এবং বারবার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছি।’
গণতন্ত্র রক্ষার আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষায় হাজারো ছাত্র-জনতা রক্ত দিয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত দেশের রাজপথ ছিল রক্তভেজা। বহু ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে আমরা আজ এই পর্যায়ে এসেছি।’
আগামী ১২ তারিখের নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন ‘আপনারা যদি আর কোনো স্বৈরতন্ত্রের উত্থান না চান, তাহলে সবাইকে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’
শিলখালী ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘এই নতুন ইউনিয়ন গঠনে আমার ভূমিকা রয়েছে। আমি আপনাদের বলেছিলাম, কাদামাটি মাড়িয়ে ভোটকেন্দ্রে যেতে হবে না। সেই অনুযায়ী এলাকার রাস্তা-ঘাট পাকা করে দেয়া হয়েছে।’
পথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে সালাহউদ্দিন আহমেদ চকরিয়া পহরচাঁদা মছন্যাকাটা এলাকায় দিনের প্রথম নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। এরপর দুপুরে শীলখালী উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেলে রাজখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন। রাতে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।