জলকামান-টিয়ারগ্যাস নিক্ষেপ
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি বাধায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর মিন্টো রোড ও ইন্টারকন্টিনেন্টাল মোড়। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের কর্মী জাবের নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা শুরু করলে এই সংঘর্ষ শুরু হয়।
বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়, যার ফলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে এবং স্পর্শকাতর এলাকায় বিশৃঙ্খলা এড়াতে তারা বাধা দিতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন কিন্তু পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর চড়াও হয়েছে। টিয়ারগ্যাস ও জলকামানের মুখে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরবর্তীতে তারা ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে এবং যমুনার সামনের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।
শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল এই পরিস্থিতিতে সরকার ইতিমধ্যেই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে জাতিসংঘ কার্যালয়ে তদন্তের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে। তবে আন্দোলনকারীরা অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ ও গ্রেফতারের দাবিতে অনড় রয়েছেন। আজকের এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে সচিবালয় ও মিন্টো রোড এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।