ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক সুরক্ষাকে প্রাধান্য দিয়ে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে, রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে নিম্ন আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে।
ইশতেহারের ৯টি প্রধান স্তম্ভ:
১. ফ্যামিলি কার্ড ও আর্থিক সুরক্ষা: দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য নিশ্চিত করবে রাষ্ট্র। ভবিষ্যতে এই ভাতার পরিমাণ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২. কৃষক কার্ড ও ভর্তুকি: ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এর আওতায় কৃষকরা সহজ ঋণ, কৃষিবিমা ও সরাসরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পণ্য বিক্রির সুযোগ পাবেন। মৎস্য ও পশুপালন খাতের উদ্যোক্তারাও এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন।
৩. স্বাস্থ্যসেবা ও নিয়োগ: স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনতে দেশজুড়ে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগরে মা ও শিশুর জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং উন্নত চিকিৎসার আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে।
৪. শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন: বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কারিগরি সহায়তা এবং সরকারিভাবে ‘মিড-ডে মিল’ (দুপুরের খাবার) চালু করা হবে।
৫. তরুণদের কর্মসংস্থান: তরুণদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি, ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
৬. ক্রীড়া উন্নয়ন: খেলাধুলাকে কেবল বিনোদন নয়, বরং পেশা হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো এবং প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে।
৭. পরিবেশ ও নদী খনন: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ এবং ১০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় আনা হবে আধুনিক প্রযুক্তি।
৮. ধর্মীয় সম্প্রীতি ও কল্যাণ: সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য বিশেষ সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে।
৯. ডিজিটাল অর্থনীতি ও পেপাল: আন্তর্জাতিক লেনদেন সহজ করতে বাংলাদেশে অনলাইন পেমেন্ট সিস্টেম ‘পেপাল’ (PayPal) চালু করার ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি বাড়াতে ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন করা হবে।
প্রতিশোধ নয়, ন্যায়বিচারের রাজনীতি: ইশতেহার ঘোষণা করে বিএনপি জানায়, এটি কেবল একটি প্রতিশ্রুতি নয় বরং রাষ্ট্রের সঙ্গে জনগণের নতুন এক সামাজিক ও রাজনৈতিক চুক্তি। দলটির দাবি, তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভোটের মর্যাদা ফিরিয়ে আনার মাধ্যমে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য।