বেকারত্ব দূরীকরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে সুশীল সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিয় পর্টির ভাইস চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. নোমান মিয়া।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লৌহজং উপজেলার কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র থেকে নির্বাচনী প্রচারণা শুরুর সময় সাংবাদিকদের তিনি একথা বলেন, তিনি বলেন, মুন্সীগঞ্জ-২ আসনের মাটি থেকেই মাদককে ‘না’ বলতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের স্বনির্ভর, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় পার্টির বিকল্প নেই। তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব অত্যন্ত জরুরি। মুন্সীগঞ্জ-২ আসনের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জাতীয় পার্টি নিরলসভাবে কাজ করে যাবে।
প্রচারণাকালে তিনি লৌহজং উপজেলার ঘৌড়াদৌড় বাজার, চন্দ্রেরবাড়ী বাজার এবং টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজার, কামারখাড়া বাজার ও দীঘিরপাড় বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি লাঙল প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক জনসংযোগ করেন।