image
ছবিঃ সংগৃহীত

বিএনপি সাধারণ মানুষের দারিদ্র ও উন্নয়নের রাজনীতি করে: ড. মঈন খান

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। গত ২২ জানুয়ারি হতে দিনরাত নরসিংদী-২ আসন (পলাশ- পাঁচদোনা, মেহেরপাড়া ও আমদিয়া) সকাল থেকে রাত অবধি প্রচারণায় নির্ঘুম রাত কাটাচ্ছেন আসনটির হেভিওয়েট প্রার্থী ড. মঈন খান। গ্রামের পর গ্রাম, ইউনিয়ন হতে ইউনিয়নে পথসভা, উঠান বৈঠক, মিছিলে মিছিলে তিনি নিরলসভাবে প্রচারণায় নেমেছেন। যেখানেই যাচ্ছেন নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। সাধারণ মানুষও যেন মঈন খানকে কাছে পেয়ে উৎফুল্য হয়ে উঠে।

নরসিংদী-২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন গত ১৬ বছর ধরে দেশের মানুষ স্বৈরাচারী সরকারের শাসনে দুঃসহ যন্ত্রণা ভোগ করেছে। বিএনপি নির্বাচিত হলে মানুষের সেই যন্ত্রণার লাঘব হবে। আমরা বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনব। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিব। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি উন্নয়শীল ও সম্মানশীল দেশ হিসেবে গঠন করতে বিএনপি ছাড়া কোনো গতি নাই। আপনারা গত ১৭ বছর আপনাদের মূল্যবান ভোট দিতে পারেননি। তারা দিনের ভোট রাতেই দিয়ে দিত। তারা মানুষের গণতন্ত্র কেড়ে নিয়ে এক দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে ছিল। আমরা আজ সেই স্বৈরতন্ত্র হতে মুক্ত হয়ে মুক্ত স্বাধীন গণতন্ত্রের পথে এগিয়ে চলছি। তাই আপনাদের হাতে যে একটি শক্তিশালী ভোট প্রদানের শক্তি রয়েছে তা আগামী ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন। ভোট প্রদানের শক্তি আপনাদের হাতে প্রতি পাঁচ বছর পরপর ফিরে আসে। আপনাদের গণতান্ত্রিক অধিকারে আপনারা সিদ্ধান্ত নিবেন কে এই দেশ পরিচালনা করবে। গায়ের জোরে নয় সুষ্ঠু সুন্দর প্রক্রিয়ায় আপনারা ভোট প্রয়োগ করবেন। আমরা গত বছর ছাত্র জনতার মাধ্যমে ৫ আগস্ট দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। যার ফলশ্রুতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক পথে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আপনার জানেন সেইদিন সকাল সাড়ে ৭টা থেকে আমাদের ভোট প্রদান শুরু হবে। তাই এখানে যেসব মা-বোন ও পুরুষরা রয়েছেন সেদিন কোনো আলসেমি করা চলবে না। আপনার ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা পেয়েছেন। যদি মনে করেন লাখ লাখ মানুষ ভোট দিবে, আমি না দিলে কিছুই হবে না। এমন ভুলটি কখনোই করবেন না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি আপামোর জনগণের জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। তাই আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবেন।

গতকাল বৃহস্পতিবার নরসিংদীর-২ আসনের আমদিয়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু ছিদ্দিক মিয়ার সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১ নম্বর ওয়ার্ডসহ আশেপাশের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন এবং মঈন খানকে ফুল দিয়ে বরণ করে নেন। বৈঠকে সাধারণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ড. মঈন খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। এই রূপরেখার মাধ্যমেই জনগণের আশা-আকাক্সক্ষা বাস্তবায়িত হবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘এই দেশ সাধারণ মানুষের। বিএনপি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের দারিদ্র্য দূর ও উন্নয়নের রাজনীতি করে।’ এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, বিএনপি নেতা মাসুদ মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‘রাজনীতি’ : আরও খবর

» পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টিতে ভাঙন, ৫০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

» বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই

সম্প্রতি