বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই

প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জমে উঠেছে ভোটের প্রচারণা। যতই ভোটের দিন ঘনিয়ে আসছে ততই প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছে ভোট প্রার্থনায়। প্রতি প্রার্থীর আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন যেমন ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় দিনরাত কাজ করছে, সেরকম দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও আটঘাট বেঁধে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ঘুরে বেড়াচ্ছে। নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে প্রার্থী ও ভোটারদের মধ্যে এবার মানসিক উৎফুল্লতা কাজ করছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাড়ায় মহল্লায় চায়ের দোকান থেকে শুরু করে আনাচে-কানাচে শুধু নির্বাচনের কথাবার্তায় সরগরম থাকছে। এবার পোস্টার ব্যবহার না থাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের মাধ্যমে প্রতিটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছে প্রার্থীরা। এবার প্রার্থীরা ভোটারদের কাছে যেভাবে ভোট প্রার্থনা করছে তা আগে কখনও লক্ষ করা যায়নি। প্রার্থীদের কাকুতি মিনতি দেখে ভোটারদের মধ্যে উৎসাহ ও উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। এ প্রাণবন্ত নির্বাচনী পরিবেশে আড়াইহাজার উপজেলায় এবার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নতুন সংসদ সদস্য নিবাচিত হবে বলে সাধারণ ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে।

প্রচারনায় পূর্ণশক্তি নিয়ে মাঠে চষে বেড়াচ্ছেন বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম আজাদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, অধ্যাপক ইলিয়াছ মোল্লা (দাঁড়িপাল্লা), বিএনপির সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আতাউর রহমান খান আঙ্গুর (কলস), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. হাবিবুল্লাহ (হাতপাখা), গণঅধিকার পরিষদের প্রার্থী কামরুল মিয়া (ট্রাক), বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মো. আবু হানিফ হৃদয় (হাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. হাফিজুল ইসলাম (কাস্তে)। তারা কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের আস্তা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ প্রচারণায় কর্মী সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, আড়াইহাজার উপজেলায় দীর্ঘদিন যাবত বিভিন্ন সমস্যায় জর্জরিত। তার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, মাদক, চুরি-ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি চিরতরে বন্ধ করতে হবে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি শুধু দলের এমপি হব না, আড়াইহাজার উপজেলার সবাই এমপি হয়ে জনগণকে সঙ্গে নিয়ে আড়াইহাজারকে মানবিক ও সম্প্রীতির উপজেলায় পরিণত করব। তিনি সুন্দর পরিচ্ছন্ন আড়াইহাজার গড়তে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন। তিনি নির্বাচনে জনগণের ভোটে বিশাল ব্যবধানে জয়লাভ করবে বলে জোর দিয়ে বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তিনি ভোটারদের বলছেন, বিগত সরকারগুলোর সন্ত্রাস, চাঁদাবাজি, লুট, ভূমি দখল ও দুর্নীতি দেখেছেন। আমরা এ দেশ থেকে এগুলো বন্ধ করব। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন, ১৩ ফেব্রুয়ারি থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, লুট, ভূমি দখল ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দেব। তিনি বলেন, জনগণের কাছ থেকে বিপুল সাড়া ও সমর্থন পাচ্ছেন; যা নির্বাচনে দাঁড়িপাল্লা জনতার রায়ে সহজেই জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন।

সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর প্রতিদিনই প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। তিনি বলছেন, আড়াইহাজারে মানুষ শান্তিপ্রিয় মানুষের আহ্বানে আমি প্রার্থী হয়েছি। জনগণ আমার পাশে আছে। যেখানেই যাচ্ছি জনতা আমাকে কলস মার্কায় ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। তিনবার এমপি হয়ে এ উপজেলার মানুষের জন্য কাজ করেছি। আমার শেষ বয়সে আমি নির্বাচিত হয়ে এলাকার মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যেতে চাই। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। অন্য চার প্রার্থীদের অল্প প্রচারণা লক্ষ করা গেলেও মাঠেঘাটে তাদের নিয়ে আলোচনা খুব কম। তবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম আজাদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা (দাঁড়িপাল্লা) ও বিএনপির সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর (কলস) প্রার্থীর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা স্পষ্ট হচ্ছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের মনজয়, রাজনৈতিক কৌশল, ও আওয়ামী লীগ সমর্থিত ভোট ব্যাংক থেকে যারাই ভোট নিজেদের দিকে টেনে নিতে পারবে, সে প্রার্থীই জয়লাভ করবে বলে সাধারণ ভোটারদের অভিমত।

‘রাজনীতি’ : আরও খবর

» পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টিতে ভাঙন, ৫০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

সম্প্রতি