image

ফের শাহবাগ রণক্ষেত্র লাঠিচার্জে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

সংবাদ অনলাইন রিপোর্ট

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনরত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে চলা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। ফলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।

ফলে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে আবারও রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ মোড় ও আশপাশের এলাকা। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। পথচারী ও আশাপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে দুপুরের পর শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ছত্রভঙ্গ হয়ে তারা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এসব ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ফাতেমা তাসনিম জুমাসহ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়, আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। তবে রাতে অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়ে জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করলেও কোনো ধরনের গুলি ছোড়েনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরে সরকার দাবি করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ সর্বমোট ২৩ জন চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাদের কারও শরীরে গুলির আঘাত নেই।

বিবৃতিতে আসন্ন নির্বাচন সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সরকার সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।দেশের প্রায় ১৮ কোটি মানুষ অধীর আগ্রহে এই নির্বাচনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বর্তমানে বাংলাদেশের দিকে নিবদ্ধ। বিদেশি বহু সাংবাদিক ও পর্যবেক্ষক ইতিমধ্যে বাংলাদেশে উপস্থিত হয়েছেন।

‘রাজনীতি’ : আরও খবর

» পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টিতে ভাঙন, ৫০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

» বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই

সম্প্রতি