image

"স্বপ্নিল" ইশতেহারে নারী‌ ও শিক্ষার্থীদের "নতুন দিগন্ত"

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা যখন বাজছে, ঠিক তখনই এক "স্বপ্নিল" এবং "আধুনিক" রূপরেখা নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। নির্বাচনের ঠিক কয়েক দিন আগে ঘোষিত এই ইশতেহার ভোটারদের মধ্যে ঠিক কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

এবারের ইশতেহারে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে নারী শিক্ষা ও প্রযুক্তিনির্ভর আধুনিক কর্মসংস্থানের প্রতিশ্রুতি, যা ছাত্র ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

​বিএনপির এই ইশতেহারে শিক্ষার "আমূল পরিবর্তনের" অঙ্গীকার করা হয়েছে। দলটি প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় গেলে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করা হবে। কেবল নারী শিক্ষাই নয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান এবং স্কুল, কলেজ ও লাইব্রেরিগুলোতে ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। ডিজিটাল বৈষম্য দূর করে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বাড়িয়ে দিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষাব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে ইশতেহারে।

এছাড়া, দেশে-বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে মাধ্যমিক পর্যায় থেকেই ইংরেজি ও আরবির পাশাপাশি জাপানিজ, কোরিয়ান বা ইতালিয়ান ভাষার মতো ‘তৃতীয় ভাষা’ শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে দলটি।

​শিক্ষার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য করমুক্ত সুবিধা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করার মাধ্যমে বেকারত্ব দূর করার বিশদ পরিকল্পনা তুলে ধরেছেন তারেক রহমান।

ইশতেহারে আরও বলা হয়েছে, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে এমনভাবে সাজানো হবে যাতে একজন শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পাস করার পরেই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারেন।

​বিএনপির এই ইশতেহারকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘স্মার্ট বাংলাদেশ গড়ার নতুন সামাজিক চুক্তি’ হিসেবে অভিহিত করছেন। বিশেষ করে দুর্গম এলাকায় শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিগুলো সরাসরি প্রান্তিক মানুষের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।

আজকের এই ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» যারা নিজেদের দল সামলাতে পারে না তারা দেশ সামলাবে কীভাবে: শফিকুর রহমান

» পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টিতে ভাঙন, ৫০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

সম্প্রতি