যারা নিজেদের দল সামলাতে পারে না তারা দেশ সামলাবে কীভাবে: শফিকুর রহমান

নিজস্ব বার্তা পরিবেশক বরিশাল, জেলা বার্তা পরিবেশক ঝালকাঠি ও প্রতিনিধি, নড়াইল

নির্বাচন, ভোটাধিকার, নারীর নিরাপত্তা ও রাষ্ট্র পরিচালনা নিয়ে টানা তিন জেলায় কড়া ও স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বরিশাল, ঝালকাঠি ও নড়াইলে আয়োজিত পৃথক জনসভায় তিনি বলেন, যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা কখনোই দেশ সামলাতে পারবে না। একই সঙ্গে ভোটকেন্দ্র দখল, ভোট কারচুপি ও পেশিশক্তির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শুক্রবার, (০৬ ফেব্রুয়ারী ২০২৬) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি রসিক চন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় শফিকুর রহমান বলেন, ‘গত ১৬ বছর একটি দলকে দেখেছেন, ৫ আগস্টের পর আরেক দলকে দেখছেন। যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কীভাবে?’ তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কোনো পরিবারের নয়, ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করা হবে। রাষ্ট্রপতি থেকে সাধারণ নাগরিক সবার জন্য সমান বিচার প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, দুর্নীতির ডালপালা নয়, শেকড় ধরে উপড়ে ফেলা হবে। দেশে কোনো চাঁদাবাজি চলতে দেয়া হবে না। লুটপাট করে বিদেশে পাচার করা অর্থ যারা নিজেরা নিয়ে গেছে, তারা তা ফেরত আনতে পারবে না; বরং যারা দুর্নীতির সঙ্গে জড়িত নয়, তারাই সেই টাকা দেশে ফিরিয়ে আনবে। নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই।’

শুক্রবার দুপুরে ঝালকাঠি বয়েজ স্কুল মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির বলেন, কেউ যদি পেশিশক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখল করতে আসে, তবে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। মামলা করতে এলে বলবেন শফিকুর রহমানের নামেই মামলা করুন। তিনি বলেন, এমন বাংলাদেশ তিনি চান না যেখানে মা-বোনদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

ঝালকাঠির সভায় তিনি আরও বলেন, যুবসমাজ জুলাই আন্দোলনে না নামলে ফ্যাসিবাদ বিদায় সম্ভব হতো না। ভবিষ্যতেও এই আন্দোলন তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে এবং খুব শিগগিরই দেশের দায়িত্ব তাদের হাতেই তুলে দিতে চান তিনি।

তারপর শুক্রবার বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভায় শফিকুর রহমান বলেন, ‘ কোনো কালো শকুন যেন একটি মানুষের ভোটও ছোঁ মেরে নিতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’ কেউ যদি ভোটে কারচুপি বা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নড়াইলের সভায় তিনি বলেন, জামায়াত শুধু দাঁড়িপাল্লার বা দলের বিজয় চায় না; ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চায়। রাজনীতিকে যারা ব্যবসার পণ্য মনে করে, তারা কখনো দেশ গড়তে পারবে না উল্লেখ করে তিনি বলেন, পুরনো রাজনীতিতে ফিরে যাওয়ার সুযোগ নেই, পরিবর্তনের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

তিন জেলার জনসভায়ই জামায়াত আমির ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের ভোট দিয়ে একবার সুযোগ দেয়ার আহ্বান জানান।

‘রাজনীতি’ : আরও খবর

» পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টিতে ভাঙন, ৫০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

সম্প্রতি