ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ব্যয়বহুল ও বিশাল নির্বাচনী এলাকা হওয়াকে এ সিদ্ধান্তের মূল কারণ হিসাবে উল্লেখ করেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মান্না জানান, ‘ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনি এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ এর নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন যে, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন এবং একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ ও বগুড়া-২—এ দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আর্থিক চাপ ও নির্বাচনি এলাকার ব্যাপকতার কারণে ঢাকার আসন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
ঢাকা-১৮ আসনটি রাজধানীর উত্তরা, খিলক্ষেত, কুড়িল, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত। এই আসনে মান্নার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল। তার প্রার্থিতা প্রত্যাহারের পরও এ আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মান্না প্রার্থী হিসেবে বহাল রয়েছেন। শুরুতে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হলেও পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান।
অর্থ-বাণিজ্য: ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর
আন্তর্জাতিক: থাইল্যান্ডে নির্বাচনে অনুতিনের রক্ষণশীল দলের জয়জয়কার
রাজনীতি: গণঅধিকার পরিষদের বিশাল মিছিল