আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী বিভিন্ন পথসভায় অংশ নিয়ে ঢাকাকে একটি ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলা এবং নগরবাসীকে স্বস্তি দিতে ৪০টি খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে তিনি কেবল প্রতিনিধি পরিবর্তনের নির্বাচন নয়, বরং মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশ পুনর্গঠনের নির্বাচন হিসেবে অভিহিত করেন।
রোববার,(০৮ ফেব্রুয়ারী ২০২৬) নিজ নির্বাচনী আসন ঢাকা-১৭-এর ইসিবি চত্বরে এক পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে ঢাকাসহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য করা হবে, যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে। তিনি বলেন, ‘ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব।’
মাঠ তৈরির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমাদের সন্তানরা খোলা মাঠে খেলাধুলা করতে পারবে এবং মুরব্বি ও মা-বোনেরা তাদের প্রয়োজন অনুযায়ী বিকেলে বা অন্য সময়ে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে হাঁটাহাঁটি করতে পারবেন। অবকাঠামগত উন্নয়নের অংশ হিসেবে তিনি ইসিবি চত্বর থেকে উত্তরার জসিম উদ্দিন রোড পর্যন্ত বিদ্যমান রাস্তাটি প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন।
গুলশান, বনানী ও ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে নিজেকে ‘এলাকার সন্তান’ হিসেবে পরিচয় দিয়ে আবেগঘন বক্তব্য রাখেন তারেক রহমান। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি এই এলাকারই সন্তান, এখানেই বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে। এলাকার মুরব্বি ও ভাই-বোনদের কাছে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের প্রতিবেশী হিসাবে আপনাদের সাথে যেমন আগেও ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।’
ইসিবি চত্বরের আগে ও পরে তিনি ঢাকা-১৫ আসনের মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, ঢাকা-১৬ আসনের লালমাঠসহ বিভিন্ন স্থানে পথসভা করেন। মিরপুরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ক্ষমতায়ন, কৃষকদের অর্থনৈতিক মেরুদ- শক্তিশালী করা এবং স্বাস্থ্যসেবার উন্নতি করা হবে। তরুণ সমাজের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, ‘আইসিটিসহ
ভোকেশনাল বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।’ তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই, যা আমরা বাস্তবায়ন করতে পারব।’
তারেক রহমান দিনভর রাজধানীর একাধিক আসনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান। তিনি ঢাকা-১৬ আসনে আমিনুল হক, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের পক্ষে ভোট চান। ঢাকা-১৬ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ১২ তারিখ পর্যন্ত প্রার্থীকে দেখে রাখার দায়িত্ব জনগণের, আর ১৩ তারিখ থেকে এলাকার উন্নয়নের দায়িত্ব তাঁর নিজের।
দিনশেষে বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে এবং শ্যামলী ক্লাব মাঠেও তার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কর্মসূচি ছিল।