নেত্রকোনার পূর্বধলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (নেত্রকোনা-৫) উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল সোমবার উপজেলা সদরের হেলিফেড মাঠে আয়োজিত ধানের শীষের এ নির্বাচনী জনসভা বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। এতে পুরো সমাবেশস্থল ও আশপাশের সড়ক জনারণ্যে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি দলীয় প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে পূর্বধলার মানুষ পরিবর্তন চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।’ তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ চায় এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা দেখতে চায়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ নানা সমস্যায় জর্জরিত এবং এর সমাধানে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তারা দাবি করেন, এ জনসমাবেশ পূর্বধলার ইতিহাসে অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ। উপজেলা সদরে মিছিল শেষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়।