নোয়াখালী-১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন পর্যন্ত নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে ৪ প্রাথীর জমজমাট প্রচারণা চলছিল। প্রার্থীরা হচ্ছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এ এম মাহবুব উদ্দিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যক্ষ মো. ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ জহিরুল ইসলাম (হাতপাখা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী অধ্যাপিকা রেহানা বেগম (তারা) মার্কা। বাকি ৩ জন প্রার্থী হলেও তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তেমন প্রচার-প্রচারনা ছিল না। তারা হচ্ছেন জাতীয় পার্টির মো. নুরুল আমিন (লাঙ্গল), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো. মশিউর রহমান (আপেল) ও বাংলাদেশ কংগ্রেস মো. মমিনুল ইসলাম (ডাব)।
চাটখিলে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং সোনাইমুড়ীর ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৪২৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৭ শত ১১ এবং মহিলা ভোটারের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৭ শত ১৪ জন। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪১টি। এসব কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
দীর্ঘ ১৫ বছর মানুষ সঠিকভাবে ভোট প্রয়োগ করতে না পারায় নির্বাচনের ওপর আস্থা হারিয়ে ফেলেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে বিশ্বাস করেই ভোটারদের মধ্যে ভোট দেয়ার আগ্রহ সৃষ্টি হয়। নির্বাচনের শুরু থেকে ধানের শীষ, দাঁড়িপাল্লা, হাতপাখা ও তারা মার্কার সমর্থনে নেতাকর্মীরা সভা, সমাবেশ, গণসংযোগ, উঠান বৈঠক ইত্যাদির মাধ্যমে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। অবস্থার আলোকে লক্ষ করা যায় ভোটারদের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আগ্রহ প্রকাশ পাচ্ছে। আবার কেউ কেউ আশঙ্কা করছেন পূর্বের মতো নির্বাচন নিয়ে জালিয়াতি হয় কিনা সে ব্যাপারেও অনেকের মনে প্রশ্ন জেগেছে। নির্বাচন কমিশন এবার রিটার্নিং অফিসারদের আগের থেকে অনেক বেশি ক্ষমতা দিয়েছেন। কোনো ভোট কেন্দ্রে কোনো প্রার্থীর পক্ষে জোরপূর্বক জাল ভোট দিতে চাইলে তা প্রতিরোধ করা হবে, প্রয়োজনে ঐ কেন্দ্রের ভোট বাতিল করার ক্ষমতাও প্রিজাইডিং অফিসারকে দেয়া হয়েছে বলে নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে।
আগামী ১২ ফ্রেব্রুয়ারি এ আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন। কে এ আসনে বিজয়ী হবেন তা নিয়ে বিভিন্নজন বিভিন্ন মতামত দিচ্ছেন।