image

বিতর্কিত বক্তব্য: মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

সংবাদ অনলাইন রিপোর্ট

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিতর্কিত বক্তব্যের জেরে নির্বাচনের একদিন আগে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত এলো।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে মুন্সী ধানের শীষের প্রার্থী ছিলেন। ঋণ খেলাপের তথ্য গোপন করায় তার প্রার্থিতা আপিলে বাতিল হয়ে যায়। আদালতে গিয়েও মুন্সী আর প্রার্থিতা ফিরে পাননি।

এরপর দলীয় প্রার্থী না থাকায় ওই আসনে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি। জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে বিতর্কিত বক্তব্য দেন মুন্সী। সোমবার মধ্যরাতে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে মুন্সীকে বলতে শোনা যায়, “যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।”

তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মুন্সী দাবি করেন, “ওই ভিডিওটি এআই দিয়ে বানানো। আমি কেন আমার ইউনিয়নের মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেব?”

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি