ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী সরকারের জন্য অর্থনীতিকে সচল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুক্রবার, (১৩ ফেব্রুয়ারী ২০২৬) নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।’ তিনি জোর দিয়ে বলেন, ‘দিস আর দ্য চ্যালেঞ্জ।’
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন করা হবে বলে জানান তিনি। সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ফলাফল এক হচ্ছে আনন্দময়, আরেকটা হচ্ছে বিষাদময়।’ তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না, এটা বিষাদময়।’ তবে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অনেক রক্ত ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর একটি চমৎকার, উৎসবমুখর এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা তাকে ব্যক্তিগতভাবে অভিভূত ও মুগ্ধ করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে।
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এবং দলটির ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে ইতোমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।’ তিনি আরও যুক্ত করেন, পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত উঠে আসবে।
বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান মির্জা ফখরুল। সেখানে তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।