দল-মত নির্বিশেষে এলাকার সবার সঙ্গে সমান আচরণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে বিজয়ী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ১১ দলীয় জোট থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘এই নির্বাচন ছিল হাসনাত আবদুল্লাহ বনাম বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস লুটেরা প্লাস চাঁদাবাজ প্লাস মাদক সম্রাট প্লাস ব্যাংক লুটেরা প্লাস ডট ডট ডট। কিন্তু আমার সঙ্গে জনগণ ছিল। তাদের আস্থা ছিল। তাই আমি বিজয়ী হয়েছি। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করবো। আমার শত্রুর সঙ্গেও যেন কোনো বেইনসাফি না হয়, সে ধরনের সিস্টেম তৈরি করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো বিনির্মাণে প্রচেষ্টা থাকবে।’
শুক্রবার, (১৩ ফেব্রুয়ারী ২০২৬) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় এনসিপি নেতা বলেন, ‘ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তিই মূল লক্ষ্য।
আমার রাজনৈতিক দল এনসিপির যে রাজনীতি দায়বদ্ধতা তা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোই আমাদের মূল উদ্যোগ থাকবে।’