image

বিএনপির জয়ের নেপথ্যে "গোপন আঁতাতের" অভিযোগ এনসিপির

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তী উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এক বিস্ফোরক অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচনের ফলাফল পর্যালোচনায় এনসিপি দাবি করেছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের "গোপন আঁতাত" কাজ করেছে।

শুক্রবার রাতে দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন।

তিনি দাবি করেন, নির্বাচনের ফলাফল আসার পরপরই দেশের বিভিন্ন স্থানে দেড় বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো বিএনপির নেতাকর্মীরা খুলে দিচ্ছেন, যা এক বিশেষ রাজনৈতিক সমঝোতারই ইঙ্গিত দেয়।

​আসিফ মাহমুদ তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েই বিএনপি নির্বাচনে জয়ী হওয়ার পথ প্রশস্ত করেছে। যেখানে দেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম সীমাবদ্ধ বা নিষিদ্ধ হওয়ার পর্যায়ে রয়েছে, সেখানে যারা প্রকাশ্যে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, অনেকগুলো আসনে পরিকল্পিতভাবে "ভোট ইঞ্জিনিয়ারিং" বা কারচুপির মাধ্যমে তাদের প্রার্থীদের হারানো হয়েছে। তাঁর মতে, এই জয় কেবল একটি নির্বাচনী সাফল্য নয়, বরং এর পেছনে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে।

​সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে "জুলাই সনদ" বাস্তবায়নের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করা হয়। আসিফ মাহমুদ আশঙ্কা প্রকাশ করে বলেন, সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে সংবিধানের পরিবর্তন ঘটানোর একটি নীল নকশা তৈরি হতে পারে, যা আগামী পাঁচ বছরে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

‘রাজনীতি’ : আরও খবর

» শত্রুর সঙ্গেও যেন বেইনসাফি না হয়: হাসনাত আবদুল্লাহ

» বিদ্রোহীদের কারণে যেসব আসন হাতছাড়া বিএনপির

» এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি

সম্প্রতি