image
সংবাদ সম্মেলনে তারেক রহামন। ছবি: সংগ্রহ

কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কঠোর বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বললেন, ‘কোনো ধরনের অন্যায়, বেআইনি কর্মকাণ্ড কিংবা দুর্বলের ওপর সবলের আক্রমণ সহ্য করা হবে না। ’

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বার্তা দেন। এসময় আইনের কঠোর প্রয়োগ সম্পর্কে বিএনপি প্রধান বলেন, ‘দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। নির্বাচনোত্তর পরিস্থিতিতে কোনো প্রতিশোধমূলক আচরণ বরদাশত করা হবে না।’

নির্বাচনে বিএনপির বিজয়কে গণতন্ত্রপন্থী মানুষের জয় হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দীর্ঘ সময় পর সরাসরি ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তবে ফ্যাসিবাদের রেখে যাওয়া দুর্বল অর্থনীতি, ভঙ্গুর প্রতিষ্ঠান ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নতুন যাত্রা শুরু হচ্ছে।’

জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বিএনপি প্রধান বলেন, ‘ভিন্ন মত থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ’নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও তিনি অভিনন্দন জানান। সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

আইনের শাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘নির্বাচনকে ঘিরে কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। ’একই সঙ্গে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজয় মিছিল না করার সিদ্ধান্তে নিজের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বক্তব্যের একপর্যায়ে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কথা উল্লেখ করে আবেগাপ্লুত হন তারেক রহমান। তিনি দলের ঘোষিত কর্মসূচি ও সংস্কার অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দেশবাসীকে শান্তি, শৃঙ্খলা ও মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

‘রাজনীতি’ : আরও খবর

» শত্রুর সঙ্গেও যেন বেইনসাফি না হয়: হাসনাত আবদুল্লাহ

সম্প্রতি