ধর্মীয় সংখ্যালঘু ও রাজনৈতিক ভিন্নমতাবলম্বী জন্য বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এক নতুন রাজনৈতিক দর্শনের বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচনের পর দেশে যাতে কোনো ধরনের প্রতিহিংসা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাকর্মী ও দেশবাসীকে সতর্ক করে তিনি বলেন, ন্যায়পরায়ণতাই হবে আমাদের রাজনীতির মূল আদর্শ এবং কোনো ধরনের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ডকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।
শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে তিনি এমন বার্তা দেন।
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, আগামীর বাংলাদেশে দলমত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে দুর্বলের ওপর সবলের কোনো ধরনের আক্রমণ বা নির্যাতন মেনে নেওয়া হবে না।
তারেক রহমান তাঁর বক্তব্যে আইনের শাসন প্রতিষ্ঠার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, সরকারি দল হোক বা বিরোধী দল প্রতিটি নাগরিকের জন্য আইন সমানভাবে কার্যকর হতে হবে। আইনের শাসন নিশ্চিত করা না গেলে রাষ্ট্রীয় সংস্কারের সকল প্রচেষ্টা বৃথা যাবে বলে তিনি মন্তব্য করেন।
দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের পর দেশ গড়ার নতুন যাত্রায় প্রতিটি বাংলাদেশি নাগরিক যাতে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করতে পারে, সেটিই তাঁর দলের প্রধান অঙ্গীকার। তিনি আরও বলেন, আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে, যেখানে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত প্রভাবের স্থান থাকবে না।
বিএনপির এই নেতা মনে করিয়ে দেন, ধর্মীয় সংখ্যালঘু বা রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের ওপর কোনো ধরনের আঘাত বরদাস্ত না করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনই হবে তাঁদের লক্ষ্য। আজকের এই সংবাদ সম্মেলনে তিনি মূলত একটি উন্নত ও মানবিক বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছেন, যেখানে আইনের চোখে সবাই সমান এবং ন্যায়ের শাসনই হবে রাষ্ট্রীয় জীবনের ভিত্তি।