নির্বাচনে জয়পরাজয় থাকবেই এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে সৌহার্দ্য ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের বাড়িতে যান। এ সময় পরাজিত প্রার্থী ফুলের মালা পরিয়ে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান। পুরো পরিবেশ ছিল আন্তরিকতা, সম্মান ও রাজনৈতিক সৌহার্দ্যে ভরপুর।
সাক্ষাৎকালে অ্যাডভোকেট জালাল উদ্দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর খোঁজখবর নেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। উভয় নেতা কটিয়াদী ও পাকুন্দিয়ার সার্বিক উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যের এই সৌজন্য সাক্ষাৎকে স্থানীয়রা রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং কিশোরগঞ্জ-২ আসনে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।