image

ছায়া মন্ত্রিসভা চালুর উদ্যোগকে ইতিবাচক ভাবছে বিএনপি

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাওয়া বিএনপি বিরোধী দলগুলোর “ছায়া মন্ত্রিসভা” গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে।

বিশেষ করে জামায়াতে ইসলামী ও এনসিপি এর পক্ষ থেকে বিএনপি সরকারের মন্ত্রিসভার বিপরীতে ছায়া মন্ত্রিসভা গঠনের যে ঘোষণা দেওয়া হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে দলটি।

সোমবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এই প্রতিক্রিয়া জানান।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে ছায়া মন্ত্রিসভা গঠনের রীতি দীর্ঘদিনের। আমাদের দেশেও যদি এমন কোনো উদ্যোগ নেওয়া হয়, তবে তাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি এবং স্বাগত জানাই।

এটি গণতন্ত্রের চর্চাকে আরও শক্তিশালী করবে বলে তিনি মনে করেন।

আগামীকাল মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য, নতুন মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। এই শপথ অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পর্কে সালাহ উদ্দিন আহমেদ জানান, বর্তমান প্রেক্ষাপটে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

তিনি ব্যাখ্যা করেন, জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট যেহেতু নির্বাচন কমিশনের হাতে, তাই সিইসি এই শপথ পড়ানোর এখতিয়ার রাখেন।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর সরাসরি কোনো আইনি বাধ্যবাধকতা বা এখতিয়ার সিইসির নেই। যদি এই ধরনের কোনো রীতি চালু করতে হয়, তবে আগে সংবিধান সংশোধন করে তা অন্তর্ভুক্ত করতে হবে।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি